
পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক এক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশিদ এর সভাপতিত্বে পিরোজপুর সদর উপজেলার সাতটি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর (AACO) / ইউপি সচিবগণ অংশগ্রহণ করেন।
সমন্বয় সভায় গ্রাম আদালতে আসা বিভিন্ন মামলার বর্তমান অবস্থা, মামলা গ্রহণ প্রক্রিয়া এবং তা দ্রুত নিষ্পত্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তৃণমূল পর্যায়ে বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে সভাপতি মামুনুর রশিদ বলেন, "সাধারণ মানুষ যাতে স্বল্প সময়ে এবং হয়রানিমুক্তভাবে ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করতে হবে।" তিনি মামলা গ্রহণ ও নিষ্পত্তির হার বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন,"গ্রাম আদালত আইন-২০০৬ অনুযায়ী, আমাদের গ্রামের ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধগুলো যদি শুরুতেই নিষ্পত্তি করা যায়, তবে তা পরবর্তীতে বড় কোনো মহীরুহ বা সংঘর্ষের রূপ নিতে পারে না। বর্তমানে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক মূলমানের মামলার বিচার এখন গ্রাম আদালতেই সম্ভব। নামমাত্র ফি (১০ ও ২০ টাকা) দিয়ে কোনো আইনজীবী ছাড়াই সাধারণ মানুষ এখানে তাদের অভিযোগ উপস্থাপন করতে পারছেন, যা বিচার ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন।"
তিনি আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষের হয়রানি লাগব করতে গ্রাম আদালতের বিকল্প নেই। জমি দখল, পাওনা টাকা আদায় কিংবা সামাজিক কলহ মেটাতে গ্রাম আদালতকে আরও কার্যকর করার আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধিতে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং নথিপত্র সঠিকভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.