
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক।
রোববার (১০ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে সাইফুদ্দীন আহমদ বলেন, ব্যক্তিগত কারণে আমি প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি। আজই পদত্যাগপত্র জমা দিয়েছি।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল। প্রায় ২০ মাস ধরে এই পদে থেকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ব্যক্তিগত কারণে এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানো প্রয়োজন বলে মনে হয়েছে। তবে একজন শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে তিনি আগের মতোই অবদান রেখে যাবেন এবং দায়িত্বের সুষ্ঠু হস্তান্তর নিশ্চিত করবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ২৮ আগস্ট শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.