
রাজধানীর ডেমরার কোনাপাড়া ফার্মের মোড় এলাকায় (ডাচ-বাংলা ব্যাংক বুথ সংলগ্ন) নতুনভাবে যাত্রা শুরু করেছে ‘শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার’।
গত (৯ মে) শনিবার এক আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্যোক্তা শিপন আক্তার কোহিনুর জানান, তিনি দীর্ঘ ১২ বছর ধরে “শিপু স্টাইলিস্ট বিউটি পার্লার”-এর মাধ্যমে নারীদের নিয়ে কাজ করে আসছেন। তিনি বলেন, “বিউটি পার্লার এমন একটি নিরাপদ কর্মপরিবেশ, যেখানে নারীরা স্বাচ্ছন্দ্যে সেবা নিতে এবং কাজ করতে পারেন। নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৬৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী (স্বতন্ত্র) মো. বজলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান যুগ আত্মনির্ভরশীলতার যুগ। নারীরা এখন ঘরের গণ্ডি পেরিয়ে কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখছেন। সৌন্দর্যচর্চা এখন শুধু শখ নয়, এটি একটি শিল্প ও সম্ভাবনাময় পেশা। ‘শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার’ শুধু বিউটি সার্ভিসই দেবে না, বরং নারীদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটিতে আধুনিক মেকওভার, স্কিন কেয়ার, হেয়ার স্টাইলিং, নেইল আর্ট ও ব্রাইডাল মেকআপের পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, যা এলাকার নারীদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ব্যবসার ক্ষেত্রে সততা ও উন্নত গ্রাহকসেবার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করা গেলে অল্প সময়ের মধ্যেই ‘শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার’ একটি পরিচিত ও আস্থার প্রতিষ্ঠানে পরিণত হবে।”
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, “যারা এখানে প্রশিক্ষণ নিতে আসবেন, তারা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ করে তুলুন। এতে তারা নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি পরিবার ও সমাজেও অবদান রাখতে পারবেন।”
পরে তিনি ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে ডেমরা থানার সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন আহমেদ, চাঁন মিয়া আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী ও শিশুসহ এলাকার অনেকেই উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.