
যশোরের অভয়নগরে খুলনাগামী একটি ট্রেনের ধাক্কায় কয়লাবাহী ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের সহকারী গুরুতর আহত হয়েছেন।
রোববার (১০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মনোয়ার হোসেন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। আহত হেলপার রায়হানকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি কয়লাবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৭৮৩৬) আকিজ এসেনশিয়ালের ডিপোর দিকে যাচ্ছিল। ভাঙ্গাগেট এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় খুলনাগামী মহানন্দা মেইল ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই চালক মারা যান।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই রেলক্রসিংটি অরক্ষিত অবস্থায় রয়েছে। সেখানে গেটম্যান বা সংকেত ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি নিয়মিত তৈরি হচ্ছে।
অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় ট্রেন চলাচল বিঘ্নিত হলেও পরে স্বাভাবিক হয়।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.