
গুজব, অপতথ্য ও ডিপফেইকের এই সময়ে সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ফ্যাক্ট-চেকিং বিষয়ে দক্ষ হওয়া অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
শুক্রবার (৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাংবাদিকতায় এআই-এর ব্যবহার ও দক্ষতা বাড়াতে আয়োজিত সাত দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকতার কাজ শুধু সংবাদ সংগ্রহ নয়, বরং তথ্য যাচাইয়ের সক্ষমতাও এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিনির্ভর এই যুগে সঠিক তথ্য নিশ্চিত করে তা জনসমক্ষে তুলে ধরা দায়িত্বশীল সাংবাদিকতার মূল অংশ হয়ে উঠেছে।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, তিনি সবসময় ডিআরইউ’র পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিভিন্ন সময়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ প্রশাসনিক কাজে সহায়ক হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি অপতথ্য ও তথ্য বিকৃতির বিরুদ্ধে সাংবাদিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
ডিআরইউর আয়োজিত এই প্রশিক্ষণে সাত দিনে বিভিন্ন ব্যাচে মোট ৬০০ জন সদস্য অংশ নেন। কর্মশালায় সহযোগিতা করে এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ এবং গেমপ্লিফাই। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। তিনি বলেন, এআই প্রযুক্তির ব্যবহার ইতিবাচক ও নেতিবাচক—দুই ধরনের প্রভাব ফেলতে পারে। তাই সাংবাদিকদের দায়িত্ব হলো প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা।
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এআই এখন সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার, যা কাজের গতি, বিশ্লেষণ ও নির্ভুলতা বাড়াতে সহায়তা করছে।
ডিআরইউর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল বলেন, অংশগ্রহণকারীদের আগ্রহের কারণে সাত দিনের এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।
গেমপ্লিফাইয়ের চেয়ারম্যান মশিউর রহমান ভিডিও বার্তায় বলেন, সাংবাদিকরা সমাজের বিশ্বাসযোগ্য তথ্যনেতা। তাই ফেক নিউজ ও ডিপফেইকের এই সময়ে তাদের প্রযুক্তিতে দক্ষ হওয়া অপরিহার্য।
প্রশিক্ষণে চ্যাটজিপিটি, জেমিনি, গুগল এআই স্টুডিও ও নোটবুকএলএমসহ বিভিন্ন এআই টুলের ব্যবহার শেখানো হয়। পাশাপাশি ফ্যাক্ট-চেকিং, ডেটা সাংবাদিকতা, ডিপফেইক শনাক্তকরণ ও ডিজিটাল স্টোরিটেলিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.