
দিনাজপুরের হিলিতে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেনের গর্ভধারিণী মা মরহুমা জেবুন্নেছার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) জুম্মার নামাজের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত এই দোয়া মাহফিল হাকিমপুর উপজেলার দক্ষিণপাড়া উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মোনাজাতে মরহুমা জেবুন্নেছার বিদেহী আত্মার মাগফেরাত ও জান্নাত নসিবের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া শেষে স্থানীয় একটি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.