
মাগুরার শ্রীপুরে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে ‘রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন’ (আরএসইউএফ)-এর উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) সকাল ১০টায় উপজেলার আমলসার মাধ্যমিক বিদ্যালয়ে এই পরীক্ষা কার্যক্রম শুরু হয়।
এবারের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ২২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দীর্ঘ সময় ধরে সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা সম্পন্ন করে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অর্থ ও প্রশাসন বিষয়ক কর্মকর্তা মো. আবু সোলাইমান, আব্দুল মান্নান, আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরীক্ষা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য সন্তোষ প্রকাশ করে। কয়েকজন শিক্ষার্থী জানায়, এ ধরনের প্রতিযোগিতা তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং ভবিষ্যৎ পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী করা এবং মেধাবীদের মূল্যায়ন করাই আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা সহায়ক কার্যক্রম অব্যাহত থাকবে।’
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, শীঘ্রই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.