
হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েও শেষ রক্ষা হলো না মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সোনিয়া সুলতানার। কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই জেলগেট থেকে তাকে পুনরায় গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৮ মে) সকাল ১০টার দিকে মাগুরা জেলা কারাগারের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আকস্মিক এ পুনরায় গ্রেফতারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কাজী সোনিয়া সুলতানা হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা গ্রামের মৃত জামিল হোসেনের মেয়ে। তিনি মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
জানা গেছে, মাগুরা সদর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তিনি কারাগারে আটক ছিলেন। ওই মামলায় বৃহস্পতিবার (৭ মে) হাইকোর্ট থেকে জামিন পান।
শুক্রবার সকালে মুক্তির আনুষ্ঠানিকতা শেষে কারাগার থেকে বের হওয়ার সময় আগে থেকে অবস্থান নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আবারও আটক করে নিয়ে যায়। পুনরায় আটকের ঘটনায় তাৎক্ষণিকভাবে নতুন কোনো মামলার বিস্তারিত তথ্য প্রকাশ না হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘একটি নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।’
মামলা সূত্রে জানা যায়, গত ৫ মার্চ শহরের জামরুলতলা এলাকায় মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন কাজী সোনিয়া সুলতানা। ওই ঘটনার পরদিন জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.