
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের চিকিৎসক ও জনবল সংকট এখন জনদুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ৫০ শয্যার এই হাসপাতালটিতে প্রতিদিন হাজারো রোগী চিকিৎসা নিতে এলেও প্রয়োজনীয় চিকিৎসক ও সহায়ক কর্মী না থাকায় অধিকাংশই কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীতকরণ, প্রেষণে থাকা চিকিৎসকদের প্রত্যাহার এবং শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, শূন্যপদ ও প্রেষণে থাকা চিকিৎসকদের তালিকা ইতিমধ্যে স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়েছে। জনগুরুত্ব বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন, কার্ডিওলজি, শিশু ও সার্জারি), মেডিকেল অফিসার এবং ডেন্টাল সার্জনসহ অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পদও দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। এতে নিয়মিত অস্ত্রোপচার কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে।
এছাড়া ছয়জন চিকিৎসক প্রেষণে অন্যত্র দায়িত্ব পালন করছেন। তৃতীয় ও চতুর্থ শ্রেণির আরও ২৭টি পদ শূন্য থাকায় সার্বিক সেবাব্যবস্থায় স্থবিরতা তৈরি হয়েছে।
চিকিৎসকদের মতে, শ্রীপুর একটি শিল্পাঞ্চল হওয়ায় প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। সীমিত জনবল নিয়ে চিকিৎসকরা হিমশিম খেলেও অনেক রোগীকেই সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে।
উল্লেখ্য, ২০১২ সালে হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও সেই অনুপাতে জনবল বাড়ানো হয়নি। ফলে অবকাঠামোগত উন্নয়ন হলেও সেবার মানে প্রত্যাশিত পরিবর্তন আসেনি।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত জনবল সংকট নিরসন করে হাসপাতালটির কার্যক্রম স্বাভাবিক করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.