
ধার করা টাকা দিয়ে ব্যবসা শুরু করে আজ প্রায় ৭০ লাখ টাকার সম্পদের মালিক হয়েছেন তরুণ উদ্যোক্তা রবিউল ইসলাম। চাকরির পেছনে দীর্ঘ সময় চেষ্টা করেও সফল না হয়ে শেষ পর্যন্ত মাছ চাষ, গরু-মহিষ ও মুরগির খামার গড়ে বদলে ফেলেছেন নিজের জীবন।
নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দ্বীপগঞ্জ গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে ১৪টি চাকরির মৌখিক পরীক্ষায় অংশ নিলেও ভাগ্য সহায় হয়নি তার।
পরে গ্রামের বাড়িতে ফিরে একটি বেসরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। এক বছর শিক্ষকতার পর ২০২০ সালে বোনের কাছ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা ধার নিয়ে শুরু করেন পুকুরে মাছ চাষ। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প শুরু।
২০২১ সালে তিনি সরকারি, ব্যক্তি মালিকানাধীন ও ছোট-বড় মিলিয়ে মোট নয়টি পুকুর লিজ নেন। মাছ চাষের পাশাপাশি শুরু করেন মুরগি ও গরু-মহিষের খামার। বর্তমানে সব মিলিয়ে তার মোট পুঁজি প্রায় ৭০ লাখ টাকা।
সরেজমিনে দেখা গেছে, তার খামারে ফ্রিজিয়ান জাতের ১৪টি গাভীন গরু ও ৫টি দুধেল গরু রয়েছে। প্রতিদিন প্রায় দুই মণ দুধ উৎপাদন হয়। এছাড়া আড়াই বছর বয়সী ৯টি মহিষ রয়েছে খামারে। বর্তমানে তার পাঁচটি পুকুরের আয়তন প্রায় ৩০ বিঘা।
তার মুরগির খামারে প্রায় ২ হাজার মুরগি পালনের ব্যবস্থা রয়েছে। আরও ৪ হাজার মুরগির ধারণক্ষমতার একটি নতুন শেড নির্মাণাধীন। পাশাপাশি দ্বীপগঞ্জ বাজারে তিনি একটি পশু চিকিৎসা ও প্রাণিখাদ্যের দোকান পরিচালনা করছেন। সেখানে গরু-মহিষ, মাছ ও মুরগির খাদ্যের পাশাপাশি বিভিন্ন ওষুধও বিক্রি করা হয়।
বর্তমানে তার এই সমন্বিত খামারে সাতজন কর্মচারী নিয়মিত কাজ করছেন।
রবিউল ইসলাম বলেন, ‘চাকরির জন্য অনেক চেষ্টা করেছি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৪টি সরকারি চাকরির মৌখিক পরীক্ষাও দিয়েছি। পরে গ্রামের বাড়িতে ফিরে বোনের কাছ থেকে ধার করা টাকা দিয়ে মাছ চাষ শুরু করি। এখন মাছ, গরু-মহিষ, মুরগির খামার ও ওষুধের দোকান মিলিয়ে আমার পুঁজি প্রায় ৭০ লাখ টাকা।’
তিনি আরও বলেন, ‘উদ্যোক্তা হতে হলে কাজের প্রতি ভালোবাসা ও ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক চড়াই-উতরাই এসেছে, কিন্তু কখনো ভেঙে পড়িনি। পরিশ্রম করেছি, আল্লাহ সফলতা দিয়েছেন।’
নতুন উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো কাজ শুরু করার আগে সে বিষয়ে ভালোভাবে ধারণা নিতে হবে। উৎপাদন, খরচ ও বাজারব্যবস্থা সম্পর্কে জেনে পরিকল্পনা করে এগোলে সফলতা পাওয়া সম্ভব।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.