
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরকেন্দ্রে রূপান্তর করা সম্ভব বলে মন্তব্য করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা মো. আরেফিন আজিজ সরদার সিন্টু।
তিনি বলেন, সুন্দরগঞ্জ পৌরসভা সম্ভাবনা ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ জনপদ। এখানে হিন্দু-মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের শান্তিপূর্ণ সহাবস্থান এই এলাকাকে সম্প্রীতির এক অনন্য উদাহরণে পরিণত করেছে। ব্যবসা-বাণিজ্য, সামাজিক সম্পর্ক এবং দৈনন্দিন জীবনযাত্রা এখানে পারস্পরিক আস্থার ভিত্তিতেই পরিচালিত হচ্ছে।
বিএনপির এই নেতা আরও বলেন, তিনি শুধু প্রার্থী নন, বরং এ এলাকারই সন্তান হিসেবে উন্নয়নকে নিজের দায়িত্ব হিসেবে দেখেন। সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক প্রশাসক প্রয়াত আজিজার রহমান সরদারের ছেলে হিসেবে তিনি ছোটবেলা থেকেই এলাকার মানুষের সুখ-দুঃখ কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতাই তাকে জনগণের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে।
তিনি বলেন, পৌরসভাটির শিক্ষা ও অর্থনৈতিক ভিত্তি তুলনামূলকভাবে শক্তিশালী। এখানে রয়েছে দুইটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি সরকারি ডিগ্রি কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, যা স্থানীয় শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিচ্ছে। পাশাপাশি ব্যাংক, বীমা, ব্যবসা প্রতিষ্ঠান ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্রিয় উপস্থিতি এ পৌরসভাকে একটি সম্ভাবনাময় অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে।
তিনি জানান, সম্ভাবনা থাকা সত্ত্বেও পৌরসভাটিতে কাঙ্ক্ষিত অবকাঠামোগত উন্নয়ন হয়নি। আধুনিক মানের পৌর মার্কেট, মানসম্মত ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক, কমিউনিটি সেন্টার, পর্যাপ্ত আবাসিক সুবিধা এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনার ঘাটতি এখনো রয়ে গেছে। এতে সাধারণ নাগরিকদের পাশাপাশি ব্যবসায়ী শ্রেণিও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তিনি বলেন, একটি আধুনিক পৌরসভা গড়ে তুলতে হলে পরিকল্পিত নগরায়ন, উন্নত অবকাঠামো এবং নাগরিক সেবা নিশ্চিত করা জরুরি। পৌর মার্কেট ও কমিউনিটি সেন্টার স্থাপন করা গেলে একদিকে যেমন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান সহজ হবে, অন্যদিকে ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারিত হবে। এতে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং পৌরসভার রাজস্ব আয়ও বাড়বে।
আরেফিন আজিজ সরদার সিন্টু আরও বলেন, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে সুন্দরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক শহরে রূপ দেওয়া সম্ভব। এজন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সব মিলিয়ে আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে সুন্দরগঞ্জে উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন, কার্যকর নেতৃত্ব ও বাস্তবসম্মত পরিকল্পনা থাকলে সুন্দরগঞ্জ পৌরসভা আগামী দিনে একটি আধুনিক ও সমৃদ্ধ নগরকেন্দ্রে রূপ নিতে পারে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.