
পটুয়াখালীর দশমিনা উপজেলায় গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে এসএসসি পরীক্ষার্থীসহ দুই কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ লাখ টাকা এবং ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের দশমিনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নবাব কাচারি ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দশমিনা থানা পুলিশ।
এ সময় আটক করা হয় বহরমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের বাসিন্দা নিরব (২০) ও রুবেল মৃধা (৩০)। আটক নিরব চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী হওয়ায় বিষয়টি স্থানীয়দের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে তাদের থামিয়ে তল্লাশি চালানো হলে মাদক বিক্রির নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের আটক করে থানায় নেওয়া হয়।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, তার নেতৃত্বে পরিচালিত অভিযানে তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করা সম্ভব হয়েছে। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই গোপনে মাদক কেনাবেচার একটি চক্র সক্রিয় ছিল। তবে একজন শিক্ষার্থীর নাম এ ঘটনায় জড়িয়ে পড়ায় অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ আরও বেড়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, তরুণ সমাজকে মাদক থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান জোরদার করা প্রয়োজন। এতে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.