
রাজধানী ঢাকা থেকে অপহরণের চার দিন পর হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কের পাশ থেকে ফরহাদ হোসেন মাহির (২৩) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) সকাল ১০টার দিকে বাংলাদেশ পুলিশ এর বাড্ডা থানা ও মাধবপুর থানা পুলিশের যৌথ অভিযানে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহির রাজধানীর উত্তরখান থানা এলাকার চানপাড়া এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে। তিনি একজন শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গত ৩০ এপ্রিল আফতাবনগর এলাকা থেকে ফরহাদ হোসেন মাহিরকে অপহরণ করে একদল দুর্বৃত্ত। পরে তাকে একটি বাসায় আটকে রেখে মারধর করা হয়। এক পর্যায়ে মারধরের ফলে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
তিনি আরও জানান, হত্যার পর ১ মে একটি প্রাইভেটকারে করে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে মরদেহটি মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় মহাসড়কের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় মাহিরের পরিবার বাড্ডা থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের এক পর্যায়ে সিরাজগঞ্জ থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া স্কুল থেকে প্রায় ১০০ গজ দূরের একটি ঝোপের ভেতর থেকে মাহিরের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.