
পটুয়াখালীর বাউফল উপজেলায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাউফল-ঢাকা মহাসড়কের আফসার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দশমিনা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘বাউফল ট্রাভেলস’ নামের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক স্টাফ নিহত হন। দুর্ঘটনায় তার শরীরের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
বাসটিতে আনুমানিক ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, যাত্রীদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, বাসে ২০-২৫ জন যাত্রী ছিলেন। নিহত একজন ছাড়াও আরও একজন গুরুতর আহত হওয়ায় তাকে বরিশালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.