
রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর মধ্যে নারীদের জন্য বিশেষ বাসসেবা, মনোরেল প্রকল্প এবং রুটভিত্তিক বাস ব্যবস্থাপনা পুনর্বিন্যাসসহ একাধিক নতুন উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।
রোববার (৩ মে) রাতে নীতিনির্ধারণী পর্যায়ের এক আলোচনায় এসব পরিকল্পনা সামনে আসে। আগামী দিনে ঢাকার নির্দিষ্ট কিছু রুটে নারীদের জন্য আলাদা বাসসেবা চালু করা হতে পারে। এসব বাসে চালক ও সহকারী হিসেবে নারীরাই দায়িত্ব পালন করবেন। এতে নারী যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে বলে আশা করা হচ্ছে।
একই সঙ্গে রাজধানীতে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে সাইকেল রাইড শেয়ারিং চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। মেট্রোরেল স্টেশনগুলোকে কেন্দ্র করে সাইকেল স্ট্যান্ড ও আলাদা লেন তৈরির পরিকল্পনাও রয়েছে।
পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বাস রুট পুনর্বিন্যাস বা রেশনালাইজেশন আবার সক্রিয় করা হচ্ছে। এতে নির্দিষ্ট রুট ও কোম্পানির অধীনে বাস চলাচল নিশ্চিত করা হবে। নির্ধারিত স্টপেজে থামা, শৃঙ্খলিত যাত্রী ওঠানামা এবং প্রতিযোগিতামূলক দৌড় নিয়ন্ত্রণের মাধ্যমে যানজট কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
জ্বালানি খরচ ও পরিবেশ দূষণ কমাতে বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনাও গুরুত্ব পাচ্ছে। প্রথম ধাপে শিক্ষার্থী পরিবহনের জন্য বৈদ্যুতিক বাস আনার ক্ষেত্রে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে এটি সাধারণ যাত্রী পরিবহনেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
দীর্ঘমেয়াদে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল বা লাইট রেল ব্যবস্থাও চালুর চিন্তা চলছে। ঘনবসতিপূর্ণ এবং সংকীর্ণ এলাকাগুলোতে, যেখানে মেট্রোরেল স্থাপন কঠিন, সেখানে মনোরেলকে কার্যকর বিকল্প হিসেবে দেখা হচ্ছে।
এছাড়া চালক, কন্ডাক্টর ও সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ ও লাইসেন্সিং ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। যাত্রীসেবার মান বাড়াতে ইউনিফর্ম, ভাড়া নীতিমালা এবং সেবা তদারকির দিকেও জোর দেওয়া হবে।
বিশেষজ্ঞরা বলছেন, এসব উদ্যোগ এককভাবে নয়, বরং সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে রাজধানীর দীর্ঘদিনের যানজট ও পরিবহন দুর্ভোগ অনেকটাই কমে আসতে পারে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.