ডেমরায় সুইমিংপুলে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
- আপডেট সময় : ০৬:৩৮:১১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় একটি সুইমিংপুলে গোসল করতে গিয়ে সাকিব হোসেন (২২) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে কোনাপাড়া শামসি স্পোর্টস গ্যালারির সুইমিংপুলে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় বন্ধু ও স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে সাকিবের বন্ধু মো. রিফাত পাটোয়ারী জানান, সকালে তারা ১৬ জন বন্ধু মিলে ডেমরার কোনাপাড়া এলাকার শামসি স্পোর্টস গ্যালারি ৩ হাজার ২০০ টাকায় ভাড়া নেন। সেখানে প্রথমে তারা ফুটবল খেলেন। পরে সবাই সুইমিংপুলে গোসল করতে নামেন। এক পর্যায়ে সাকিব পানিতে তলিয়ে যায়। পরে সেখানে থাকা দুইজন স্টাফের সহায়তায় তাকে পানি থেকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রথমে সাকিবকে কোনাপাড়ার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. আরিফ হোসেন জানান, তাদের বাড়ি কদমতলীর দনিয়া বড়বাড়ি এলাকায়। সাকিব দনিয়া কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল এবং সে তাদের একমাত্র সন্তান। সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। পরে সাকিবের বন্ধুদের কাছ থেকে জানতে পারেন, সুইমিংপুলে গোসল করতে গিয়ে সে পানিতে ডুবে গেছে। সাকিব সাঁতার জানত না বলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশ তদন্ত করছে।

























