
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. আবদুল্লাহ আল ইরফানের পদায়নকে কেন্দ্র করে উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। তার পদায়ন বাতিলের দাবিতে স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ব্যস্ততম বটতলী মোটর স্টেশন এলাকায় ‘লোহাগাড়ার সচেতন নাগরিক পরিষদ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ডা. আবদুল্লাহ আল ইরফানের পদায়নের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান।
বক্তারা অভিযোগ করে বলেন, ডা. ইরফান পূর্বে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকাকালে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সমালোচিত ছিলেন। তাদের দাবি, হাসপাতালের জন্য বরাদ্দকৃত গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ও মালামাল সরবরাহে অনিয়ম, ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ এবং সরকারি অর্থ অপচয়ের একাধিক অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল।
বক্তারা আরও বলেন, এসব অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর তদন্ত ও অডিটে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জনমনে ধারণা সৃষ্টি হয়েছে। এরপরও প্রভাবশালী মহলের তদবির ও অর্থের প্রভাবে তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে বলে অভিযোগ তোলেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, লোহাগাড়া উপজেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থা এমনিতেই নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। চিকিৎসক সংকট, পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের অভাব এবং সেবার মান নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। এমন পরিস্থিতিতে বিতর্কিত একজন কর্মকর্তার পদায়ন স্বাস্থ্যখাতে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
তারা বলেন, “লোহাগাড়ার সাধারণ মানুষ একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থা চায়। কোনো বিতর্কিত কর্মকর্তা এখানে দায়িত্ব পালন করলে জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”
মানববন্ধন থেকে অবিলম্বে ডা. আবদুল্লাহ আল ইরফানের পদায়ন বাতিল করে যোগ্য, সৎ ও দক্ষ একজন কর্মকর্তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার জোর দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন, বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জহির উদ্দিন। এতে বক্তব্য রাখেন নুরুল ইসলাম সিকদার, মফিজুর রহমান, শাহাব উদ্দিন, তামিম মির্জাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ ঘটনায় লোহাগাড়াজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সচেতন মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে স্বাস্থ্যসেবার স্বার্থে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.