
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪২ বছর বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শহিদ শাহ নেওয়াজ হল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া শিক্ষার্থী মো. মেজবাহ রহমান জানান, রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শাহ নেওয়াজ হলের সামনে দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ওই ব্যক্তিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।
তিনি আরও জানান, গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তারা পথচারীদের ভয় দেখাতে আরও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। হামলাকারী দুজনই ক্যাপ ও মাস্ক পরিহিত ছিল বলে জানা গেছে।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত ওই ব্যক্তিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদৎ হোসেন জানান, গুলির ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে যান। তবে এরই মধ্যে ওই ব্যক্তি মারা যান। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.