
ঢাকার ধামরাই উপজেলার শরিফবাগ এলাকায় একটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে লোহার পাতের ফাঁকে পা আটকে এক নারী আটকা পড়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দ্রুত ও দক্ষ অভিযানে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে শরিফবাগ বেইলি ব্রিজের দক্ষিণ অংশে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া নারীর নাম স্বপ্না বেগম (৫০)। তিনি শরিফবাগ এলাকারই বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্বপ্না বেগম ব্রিজটি পার হচ্ছিলেন। এ সময় ব্রিজের ক্ষতিগ্রস্ত একটি অংশের লোহার পাতের ফাঁকে হঠাৎ তার একটি পা ঢুকে যায়। এতে তিনি আটকে পড়েন এবং বের হতে ব্যর্থ হন। স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে হাইড্রোলিক স্প্রেডারসহ বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে লোহার পাত কিছুটা আলগা করে প্রায় ২০ মিনিটের চেষ্টায় তাকে নিরাপদে বের করে আনা হয়। উদ্ধার শেষে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, তিনি বর্তমানে সুস্থ আছেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায়ই এখানে অটোরিকশা ও সিএনজির চাকা আটকে যাওয়ার মতো ছোট-বড় দুর্ঘটনা ঘটে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেও তারা জানান।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান বলেন, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করি। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.