
দীর্ঘ প্রতীক্ষার পর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশের দ্বারপ্রান্তে বাংলাদেশ। সব ধরনের কারিগরি ও নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন করে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং শুরু হচ্ছে।
এর মাধ্যমে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলক উৎপাদনের পথ উন্মুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমে যুক্ত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর।
প্রকল্প সূত্রে জানা যায়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর কঠোর নজরদারি ও নিরাপত্তা মানদণ্ড পূরণ সাপেক্ষে গত ১৬ এপ্রিল রূপপুর কর্তৃপক্ষকে ‘কমিশনিং লাইসেন্স’ দেওয়া হয়। এর ফলে চুল্লিতে জ্বালানি প্রবেশের আনুষ্ঠানিক অনুমোদন মেলে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, জ্বালানি লোডিং কার্যক্রম সম্পন্ন করতে প্রায় ৪৫ দিন সময় লাগবে। এরপর ধাপে ধাপে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।
পরিকল্পনা অনুযায়ী, জ্বালানি লোডিংয়ের তিন মাসের মধ্যে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। প্রাথমিকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। পরবর্তীতে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে নির্মাণকাজ শুরুর পর আন্তর্জাতিক নিরাপত্তা মান বজায় রাখা এবং বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জের কারণে প্রকল্পের সময়সূচিতে একাধিকবার পরিবর্তন আনা হয়। সব বাধা পেরিয়ে এখন দেশের জ্বালানি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.