
নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে পাকিস্তান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড এ পরীক্ষা চালায়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর জানিয়েছে, ফাতাহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি অত্যাধুনিক এভিয়নিক্স এবং আধুনিক দিকনির্ণয়ী সরঞ্জামে সজ্জিত। এ প্রশিক্ষণ উৎক্ষেপণের মূল লক্ষ্য ছিল সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধি, কারিগরি মান যাচাই এবং উন্নত নির্ভুলতা ও টিকে থাকার সক্ষমতা মূল্যায়ন করা।
সংস্থাটি আরও জানায়, এ উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা, সেনাবাহিনী রকেট ফোর্স কমান্ড এবং পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা। তারা সফল এ পরীক্ষার প্রশংসা করেন।
এ অর্জনে সংশ্লিষ্ট সবার কারিগরি দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির।
উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে পাকিস্তান নৌবাহিনী ‘তৈমুর’ নামের আকাশ থেকে নিক্ষেপযোগ্য একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। এছাড়া ১৬ এপ্রিল জাহাজ থেকে নিক্ষেপযোগ্য আরও একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও সফলভাবে সম্পন্ন করে দেশটি।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.