
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খালের কচুরিপানা পরিষ্কার করেছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
শনিবার (২৫ এপ্রিল) দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা-রামনগর খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে অংশ নেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীও এ কাজে সহযোগিতা করেন।
সংসদ সদস্য এস এম জিলানী বলেন, সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা-রামনগর খালটি এ এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার অধিকাংশ কৃষক বিল থেকে ধান কেটে এই খাল ব্যবহার করে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে খালটি কচুরিপানায় ভরে যাওয়ায় কৃষকদের ধান পরিবহন করা কঠিন হয়ে পড়েছিল।
তিনি বলেন, কৃষকদের ভোগান্তি দূর করতে এবং খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতেই দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এই পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে। ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-এর কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অপূর্ব হালদার অপুসহ স্থানীয় নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.