‘সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না’
- আপডেট সময় : ১০:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, সরকারের রাজস্ব বৃদ্ধি এবং সরকারি জমি পুনরুদ্ধার করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। এখন থেকে সরকারি জমিতে অবৈধ দখলদারদের আর কোনো সুযোগ দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়-এ ভূমি মন্ত্রণালয়-এর অফিস কক্ষে চা বাগান ব্যবস্থাপনা এবং ‘গুচ্ছগ্রাম প্রকল্প-৩’ সম্পর্কিত এক অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যেসব চা বাগান থেকে গত ১৩ বছর ধরে সরকার কোনো রাজস্ব পায়নি, সেগুলোর বিষয় খতিয়ে দেখা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের এক ইঞ্চি জমিও যেন বেহাত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে কাজ করতে হবে।
সভায় ‘গুচ্ছগ্রাম প্রকল্প-৩’-এর অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়। জানানো হয়, প্রায় ৭৬৩ কোটি টাকা ব্যয়ে ২০ হাজার ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে এই প্রকল্পটি খুব শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সভায় উপস্থাপন করা হবে।
প্রকল্পের আওতায় সমতল, উপকূলীয় ও পার্বত্য অঞ্চলের জন্য পৃথক মডেলে ঘর নির্মাণ করা হবে। প্রতিমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রকৃত সুবিধাভোগীরা যেন কোনোভাবেই বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
























