
চিনি, রং, কৃত্রিম ফ্লেভার ও বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে তৈরি করা হচ্ছিল ভেজাল মধু। সেই মধু ‘খাঁটি’ মধু হিসেবে আকর্ষণীয় মোড়কে ভরে অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। অবশেষে ঢাকার কেরানীগঞ্জে এমন একটি ভেজাল মধু তৈরির কারখানার সন্ধান পেয়েছে প্রশাসন। অভিযান চালিয়ে প্রায় এক লাখ কেজি ভেজাল মধু জব্দ করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুরের কলাকান্দি এলাকায় অবস্থিত ‘বিসমিল্লাহ মধু ঘর ও মৌ খামার’ নামের একটি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ)-এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ।
অভিযানকালে কারখানার ভেতরে বিপুল পরিমাণ কৃত্রিম উপায়ে তৈরি মধু মজুদ অবস্থায় পাওয়া যায়। প্রায় দুই হাজার ড্রামে সংরক্ষিত প্রায় এক লাখ কেজি ভেজাল মধু জব্দ করা হয়। এসব মধু তৈরিতে চিনি, রং, কৃত্রিম ফ্লেভার ও বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করা হচ্ছিল বলে জানায় প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ জানান, কারখানাটি থেকে তৈরি ভেজাল মধু অনলাইন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো। দীর্ঘদিন ধরে এই প্রতারণামূলক কার্যক্রম চালানো হচ্ছিল। অভিযান পরিচালনার সময় ভেজাল মধু তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।
এ সময় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইনে কারখানাটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। তবে কারখানার মালিক হিজবুল্লাহ (৫০) জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধে অপারগতা প্রকাশ করেন।
পরে কারখানার ম্যানেজারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.