গ্যাস ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা জারি করেছে সরকার
- আপডেট সময় : ০৫:১৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

দেশে গ্যাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং শিল্পখাতে সেবা আরও সহজ করতে নতুন নীতিগত নির্দেশনা জারি করেছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্রমবর্ধমান গ্যাস চাহিদা বিবেচনায় সেবাকে আরও সময়োপযোগী ও ব্যবহারবান্ধব করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে শিল্পখাতে দীর্ঘদিনের কিছু জটিলতা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, শিল্পপ্রতিষ্ঠানগুলোতে গ্যাস ব্যবহারকারী যন্ত্রপাতি পুনর্বিন্যাস বা প্রতিস্থাপনের ক্ষেত্রে আলাদা অনুমতি নিতে হবে না, যদি অনুমোদিত লোড অপরিবর্তিত থাকে। এসব কাজ নির্ধারিত ঠিকাদারের মাধ্যমে করা যাবে।
এছাড়া একই মালিকানাধীন ও একই জায়গায় থাকা একাধিক শিল্প ইউনিটের মধ্যে অব্যবহৃত গ্যাস লোড স্থানান্তরের সুযোগ রাখা হয়েছে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির অনুমোদন নিতে হবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, নির্দিষ্ট শর্তে ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাস লোড শিল্পখাতে স্থানান্তর করা যাবে, তবে এর বিপরীত প্রক্রিয়া অনুমোদিত হবে না।
এছাড়া গ্যাস মিটার স্থাপনের পর সাত দিনের মধ্যে এর মান যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এই নির্দেশনা কার্যকর হলে গ্যাস ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে এবং শিল্পখাতে সেবার গতি আরও উন্নত হবে।
























