
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। পরে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে কেন্দ্র সচিবকে অব্যাহতি দিয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
পরীক্ষার্থীরা জানায়, সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর তিনটি কক্ষে মোট ১৭৭ জন শিক্ষার্থীকে ভুল করে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি শিক্ষক ও কেন্দ্রের দায়িত্বশীলদের জানানো হলেও শুরুতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
পরে বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি সংশোধন করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র দেওয়া হয় এবং দেড় ঘণ্টা সময় বাড়িয়ে পরীক্ষা নেওয়া হয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ, বাড়তি সময় দেওয়া হলেও পর্যাপ্ত সময় শেষ হওয়ার আগেই খাতা নিয়ে নেওয়া হয়েছে।
একাধিক পরীক্ষার্থী ও অভিভাবক জানান, এ ধরনের অব্যবস্থাপনা তাদের চরম ভোগান্তিতে ফেলেছে এবং এতে পরীক্ষার ফলাফল প্রভাবিত হতে পারে। তারা দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কেন্দ্র সচিব মতিন সরকার জানান, 'ভুলবশত আগের বছরের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। পরে বিষয়টি বুঝে সঙ্গে সঙ্গে সঠিক প্রশ্নপত্র দেওয়া হয় এবং সময় বাড়ানো হয়।'
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বোর্ডের সঙ্গে আলোচনা করে সমাধান করা হয়েছে এবং দায়িত্বে গাফিলতির কারণে কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.