
ভারতের কারাগারে অসুস্থ হয়ে মারা যাওয়া বাংলাদেশি যুবক শিপন হাওলাদার (৩৫)-এর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়।
নিহত শিপন হাওলাদার বরগুনা সদর উপজেলার বাসিন্দা এবং সবেজ হাওলাদারের ছেলে।
পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর সূত্রে জানা যায়, প্রায় ১৯ মাস আগে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে। পরে তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হলে আদালত অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাদণ্ড দিয়ে তুরা কারাগারে পাঠায়।
জানা গেছে, আগামী ২৮ এপ্রিল তার কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে এর আগেই গত ১৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে কারাগারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরবর্তীতে দুই দেশের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মঙ্গলবার দুপুর একটার দিকে নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত দিয়ে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ঢালু কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর কিমা রায়, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতিপাগার সুবেদার ফুল মিয়া সরকার, নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামানসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.