
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশে পরিবহন ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
উপদেষ্টা জানান, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খাতে একটি চাপ তৈরি হয়েছে। তাই বাস ও অন্যান্য যানবাহনের ভাড়া জ্বালানির দামের সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণের আলোচনা চলছে।
তিনি বলেন, বিষয়টি এখনো আলোচনা পর্যায়ে রয়েছে। ভাড়া নির্ধারণের ক্ষেত্রে যাতে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজনে বাসভাড়ায় একাধিক স্তর নির্ধারণের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
তিনি আরও বলেন, ভাড়া শুধু বাস নয়, ট্রাকসহ অন্যান্য পরিবহন ব্যবস্থার ওপরও প্রভাব ফেলে। তাই সরকার এমন একটি সমাধান চায় যেখানে চালক, মালিক এবং সাধারণ মানুষ—সবাই কিছুটা হলেও ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকে।
এ সময় তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন। বলেন, জ্বালানির দাম বাড়লে অনেক সময় পণ্যের দাম স্বাভাবিকের চেয়ে বেশি বেড়ে যায়, সেটি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।
উপদেষ্টা আরও জানান, দরিদ্র ও ঝুঁকিতে থাকা মানুষদের সহায়তায় নতুন করে বিপুলসংখ্যক পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নগর ব্যবস্থাপনা উন্নয়নে ফুটপাত ব্যবস্থাপনা ও হকার পুনর্বাসনের বিষয়েও কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.