
শিক্ষামন্ত্রীর স্পষ্ট নির্দেশনা অমান্য করে এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে সরাসরি সম্প্রচার করার অভিযোগ উঠেছে কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া-এর বিরুদ্ধে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কুমিল্লার হোমনা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এদিন সংসদ সদস্য সেলিম ভূঁইয়া তার যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে সরাসরি সম্প্রচার শুরু করেন।
প্রায় ৮ মিনিট ৫৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তিনি হোমনা সরকারি কলেজ ভবনের সিঁড়ি বেয়ে দোতলায় উঠে একাধিক পরীক্ষা কক্ষের সামনে অবস্থান নেন এবং দায়িত্বরত শিক্ষক ও পরীক্ষার্থীদের বিভিন্ন নির্দেশনা দেন। একপর্যায়ে তিনি একটি কক্ষের ভেতরে প্রবেশ করে এক পরীক্ষার্থীকে প্রশ্ন করেন, পরীক্ষা সহজ হয়েছে কি না। এরপর তিনি আরও কয়েকটি কক্ষ পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ-এ কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কঠোর নির্দেশনা দিয়েছিলেন। তিনি স্পষ্টভাবে জানান, কোনো জনপ্রতিনিধি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
শিক্ষামন্ত্রীর সেই নির্দেশনা জারি হওয়ার মাত্র ১০ দিনের মাথায় একজন সংসদ সদস্যের এমন কর্মকাণ্ডকে সংশ্লিষ্টরা স্পষ্ট নিয়ম লঙ্ঘন হিসেবে দেখছেন। পরীক্ষার হলের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকলেও একজন সংসদ সদস্যের দীর্ঘ সময় ধরে সরাসরি সম্প্রচার করাকে কেন্দ্র করে কুমিল্লায় সচেতন মহলে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক অভিভাবক বলেন, একজন সংসদ সদস্য আইনের প্রণেতা হয়েও যদি নিজেই সরকারি নির্দেশনা অমান্য করেন, তবে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবে। পরীক্ষার মতো স্পর্শকাতর পরিবেশে এভাবে সরাসরি সম্প্রচার করা সম্পূর্ণ অনভিপ্রেত।
এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। জেলা শিক্ষা প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.