
বিদ্যুৎ সংকটের কারণে এসএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী। তিনি এই সংকট নিরসনে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে কায়সার কামাল-এর সভাপতিত্বে সম্পূরক প্রশ্নে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আইউবী বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে তার নির্বাচনী এলাকার শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে চিকিৎসা ব্যবস্থা ও কৃষি সেচ কার্যক্রমেও বিরূপ প্রভাব পড়ছে। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা পড়াশোনা করতে না পেরে দুশ্চিন্তায় পড়েছে।
তিনি বলেন, চারদিকে বিদ্যুতের যে সংকট চলছে, তা দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি কাপাসিয়া এলাকার পর্যটনের সম্ভাবনার কথাও তুলে ধরেন। তিনি ধাধারচর এলাকাকে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে উল্লেখ করে এটিকে “দ্বিতীয় সেন্ট মার্টিন দ্বীপ” হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথা বলেন।
সংসদ সদস্য আরও বলেন, রাজধানী ঢাকার খুব কাছাকাছি হওয়ায় ধাধারচর এলাকা পর্যটনের জন্য অত্যন্ত উপযোগী। তিনি পর্যটন মন্ত্রীকে এলাকাটি সফরের আমন্ত্রণ জানিয়ে সরকারি উদ্যোগে এটিকে বিশেষ পর্যটন অঞ্চলের আওতায় আনার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.