
খুলনায় রেলওয়ে পুলিশ লাইন্সের অস্ত্রাগার এলাকায় দায়িত্ব পালনকালে নিজের অস্ত্রের গুলিতে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস। তিনি কাশিয়ানি উপজেলার পদ্মবিলা এলাকার শৈলেন বিশ্বাসের ছেলে। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ম্যাগাজিন গার্ডে দায়িত্ব পালনকালে নিজের ব্যবহৃত চাইনিজ রাইফেল থেকে গুলি ছুটে তার মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে খুলনা রেলওয়ে পুলিশর ঊর্ধ্বতন কর্মকর্তা ও খুলনা মেট্রোপলিটন পুলিশর সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
খুলনা রেলওয়ে পুলিশের সুপার আহমেদ মাইনুল হাসান জানান, গত বছরের ৩ নভেম্বর সম্রাট বিশ্বাস এখানে যোগদান করেন। দায়িত্ব পালনে তিনি নিয়মিত ও শৃঙ্খলাবদ্ধ ছিলেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত তার ডিউটি ছিল। ডিউটির সময়ই তার ব্যবহৃত অস্ত্র থেকে গুলি ছুটে এ ঘটনা ঘটে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.