
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বিএনপির কিছু কর্মী ‘কুলাঙ্গার’ শব্দের অর্থ ঠিকভাবে বুঝতে না পারার কারণেই অযথা উত্তেজনা তৈরি হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে থেকেই তিনি বিভিন্ন বক্তব্যে বলে আসছেন যে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি এবং বর্তমান বিএনপি এক নয়। তারেক রহমান পিতামাতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করেন না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ১৫ এপ্রিল এক আলোচনা সভায় দেওয়া তার বক্তব্যকে কেন্দ্র করে দেশে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তার দাবি, আগের বক্তব্যগুলোর তুলনায় ওই বক্তব্যে একটি শব্দই পার্থক্য তৈরি করেছে, সেটি হলো ‘কুলাঙ্গার’।
রাশেদ প্রধান শব্দটির ব্যাখ্যা দিয়ে বলেন, কুলাঙ্গার অর্থ বংশের কলঙ্ক বা অপমানজনক কাজের মাধ্যমে পরিবারের সুনাম ক্ষুণ্ণ করা ব্যক্তি। তবে এই শব্দ ব্যবহারে বিএনপির কর্মীরা আপত্তি জানানোয় তিনি দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, ভবিষ্যতে এই শব্দটি ব্যবহার না করার বিষয়ে তিনি সতর্ক থাকবেন, তবে অতীতের বক্তব্যের অবস্থান অপরিবর্তিত থাকবে।
তিনি আরও জানান, তার বক্তব্যের পর বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন, যা গণতান্ত্রিক অধিকার হিসেবে তিনি স্বীকার করেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের দায়িত্ব সরকারের প্রতিশ্রুতি মনে করিয়ে দেওয়া এবং জনগণের অধিকারের পক্ষে কথা বলা।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.