
পতিত সরকারের রেখে যাওয়া উচ্চ মূল্যস্ফীতি ও ভঙ্গুর অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকার সাধারণ মানুষের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি করলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ত, অতি দরিদ্রের সংখ্যা বৃদ্ধি পেত। বৈরী পরিবেশ সত্ত্বেও কৃষক ও সাধারণ জনগণের প্রতি দায়বদ্ধ থেকে আমরা দাম সমন্বয় করিনি। জনগণের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমাদের এক ধরনের শাস্তি পেতে হচ্ছে।’
অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান সংকট মোকাবিলায় সরকার বদ্ধপরিকর। অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-কেও একটি যুদ্ধবিধ্বস্ত ও দুর্ভিক্ষগ্রস্ত অর্থনীতি দেওয়া হয়েছিল। তিনি বৈদেশিক সহযোগিতা ও জনশক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়েছিলেন।’
তিনি আরও বলেন, বর্তমান সরকার বাগাড়ম্বর বা সামাজিক যোগাযোগমাধ্যমের সস্তা প্রচারে বিশ্বাসী নয়। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকার চেষ্টা করছে সরকার।
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিতুমীর বলেন, জনগণের রায়ে ঘোষিত ইশতেহার এখন জাতীয় এজেন্ডায় রূপ নিয়েছে। রাষ্ট্র ব্যবস্থার পুনরুত্থান, অর্থনীতির সংস্কার এবং সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, অতীতে আঞ্চলিক বৈষম্য দূরীকরণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার সেই কাজ শুরু করেছে এবং এর অংশ হিসেবে দেশের বিভিন্ন বিভাগে ধারাবাহিকভাবে মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.