
রাঙামাটি সদর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সহযোগী সংগঠন যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ধর্মশিং চাকমা (৪২) নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীদের গুলিতে দুই নারী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে একদল সশস্ত্র সন্ত্রাসী কুতুকছড়ি আবাসিক এলাকায় ধর্মশিং চাকমার বাড়ি ঘেরাও করে। সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে ধর্মশিং প্রাণভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
হামলার সময় বাড়িতে থাকা আরও দুই নারী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।
রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ জানায়, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.