
বরিশাল সদর রোডে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে আকস্মিক মুখোশধারীদের ঝটিকা মিছিল বের হয়। জানা গেছে, তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল কর্মী।
শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজ শেষে আকস্মিক এ মিছিল বের করে। এতে এলাকায় স্বল্প সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পুলিশ পৌঁছানোর পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাকুলীর মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচার দাবির কথা উল্লেখ ছিল। ব্যানারে দলটির শীর্ষ নেতাদের ছবিও দেখা যায়।
মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের অধিকাংশের মুখে সার্জিক্যাল মাস্ক, কারও মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। চোখে চশমা পরা থাকায় তাদের শনাক্ত করা কঠিন ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিলে প্রায় ২০ জন অংশ নেন। কিছু সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর মিছিলটি দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই অংশগ্রহণকারীরা এলাকা ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক এক কাউন্সিলরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনার সময় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা তেমন চোখে পড়েনি। পরে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এ ধরনের ঝটিকা কর্মসূচি নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, জুমার নামাজের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কতিপয় কর্মী কাকুলীর মোড় ট্রাফিক পুলিশ বক্সের অদূরে ঝটিকা মিছিল করেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা দ্রুত সটকে পড়েন। এই বিষয়ে পুলিশ বেশ তৎপর। মিছিলকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.