
পবিত্র হজযাত্রা উপলক্ষে ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আজ (শুক্রবার) করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ রাত ১১টা ৩৫ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনের পর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে প্রথম হজ ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এদিকে, শনিবার মোট ১৪টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ৬টি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ৪টি সাউদিয়া এবং ৪টি ফ্লাইনাস।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন অংশ নেবেন।
সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি ৫০ শতাংশের মধ্যে সাউদিয়া পরিবহন করবে ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ যাত্রী।
আগামী ২১ মে পর্যন্ত প্রি-হজ ফ্লাইট চলবে। এ সময়ে মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.