
আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনার একটি ভিডিও বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে পুরো চট্টগ্রামজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
পুলিশের ধারণা, বুধবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের ভিডিওটি শেয়ার করেন নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি। বর্তমানে তিনি নিজেকে যুবলীগের নেতা হিসেবে পরিচয় দেন।
ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসক কার্যালয়ের লাল দালানের সামনে ব্যানার টাঙিয়ে ১৩ থেকে ১৪ জন দাঁড়িয়ে আছেন। তাদের হাতে থাকা ব্যানারে বড় অক্ষরে লেখা ‘মানববন্ধন’। নিচে লেখা রয়েছে গোলাম সামদানি জনির নাম।
ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, বুধবার সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান, শেখ ফজলে শামস পরশ ও মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
প্রায় এক মিনিটের ওই ভিডিওতে ‘ভাষার জন্য মানচিত্রের জন্য একটি দলের জন্ম’ গানটি শোনা যায়। এর মাঝে বিচ্ছিন্নভাবে হইচইয়ের শব্দও শোনা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি অফিস শুরু হওয়ার আগেই ভোরবেলা নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে সেখানে মানববন্ধন করেন। তারা বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
নগরীর কোতোয়ালি থানা এলাকায় আদালত ভবনের অবস্থান, যা কোর্ট হিল নামে পরিচিত। এই ভবনের সামনে জেলা প্রশাসক কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। আদালত ভবনে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রয়েছে। এসব এলাকায় সার্বক্ষণিক পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
তবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এমন গুরুত্বপূর্ণ এলাকায় কর্মসূচি পালন করায় সাধারণ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাও সমালোচনার মুখে পড়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলের উদ্যোগে আদালত ভবনের সামনে মানববন্ধন করার তথ্য পাওয়া গেছে। এটি বুধবার হয়েছে কি না তা যাচাই করা হচ্ছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.