
কুড়িগ্রামের রৌমারীতে জমি থেকে করলা চুরির অভিযোগে স্ত্রী ছালেহা বেগমকে (৪০) গাছে বেঁধে পিটিয়েছেন স্বামী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছালেহা বেগম একই ইউনিয়নের ছোটধনতোলা এলাকার বদিয়া মিয়ার স্ত্রী। তাদের নামে মাদকের একাধিক মামলা রয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকার ফরহাদ হোসেনের জমি থেকে করলা চুরি করেন ছালেহা বেগম। এ সময় জমির মালিকসহ এলাকাবাসী করলাসহ হাতেনাতে তাকে আটক করেন। পরে ছালেহার পরিবারকে খবর দেওয়া হলে তার স্বামী বদিয়া মিয়া সেখানে এসে তাকে গাছে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জমির মালিক ফরহাদ হোসেন বলেন, জমি থেকে প্রায়ই করলা চুরি হয়। পরে গোপনে থেকে ছালেহা নামের ওই নারীকে এক বস্তা করলাসহ হাতেনাতে আটক করা হয়। পরে বিষয়টি তার স্বামীকে জানালে তিনি এসে গাছে বেঁধে তাকে পিটিয়েছেন।
এ বিষয়ে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন বলেন, চুরির অপরাধে ওই নারীর স্বামী এসে তাকে শাসন করে বাড়ি নিয়ে গেছেন। তবে মারধরের বিষয়টি অনাকাঙ্ক্ষিত।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, করলা চুরির অভিযোগে স্বামী স্ত্রীকে পিটিয়েছে—এমনটি শুনেছি। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.