
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ছয়জন ঢাকার, দুজন চট্টগ্রামের এবং একজন রাজশাহীর। একই সময়ে ১ হাজার ১০৫ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে ৪৮৫ জনই ঢাকা বিভাগের। হামের উপসর্গ নিয়ে একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯৮ শিশু, এর মধ্যে ২৯০ জন ঢাকা বিভাগের। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৬ জন, যার মধ্যে ১৫৭ জনই ঢাকা বিভাগের।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৩৫ শিশু। এর মধ্যে ২৫৮ জন ঢাকা বিভাগের, ৭৯ জন খুলনা বিভাগের, ৯ জন ময়মনসিংহ বিভাগের, ৮৯ জন রাজশাহী বিভাগের, ১৩ জন রংপুর বিভাগের, ২৬ জন সিলেট বিভাগের এবং ৫০ জন বরিশাল বিভাগের শিশু রয়েছে।
এর আগে গত রোববার (১২ এপ্রিল) সকাল ৮টা থেকে সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়। এর মধ্যে দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিল স্বাস্থ্য অধিদফতর, বাকি পাঁচ শিশু হামের উপসর্গ নিয়ে মারা যায়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৬৪ শিশু।
এ ছাড়া হামের উপসর্গ পাওয়া ১৮ হাজার ১২৯ শিশুর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১১ হাজার ৬৫২ শিশু। তাদের মধ্যে ২ হাজার ৮৯৭ শিশুর হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯ হাজার ৩০৪ শিশু বাড়ি ফিরেছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.