
মানিকগঞ্জের সিংগাইরে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে দুই সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
আহতরা হলেন দৈনিক ইনকিলাবের মাল্টিমিডিয়া রিপোর্টার আবুল কালাম আজাদ এবং আইপি টিভি ‘মুভি বাংলা’র প্রতিনিধি সানোয়ার হোসেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার জামির্তা ইউনিয়নের সুদক্ষিরা এলাকায় একটি মানববন্ধনের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে তারা এ হামলার শিকার হন।
অভিযোগ সূত্রে জানা যায়, কবরস্থানে মাটি ভরাটে বাধা ও চাঁদাবাজির অভিযোগে আয়োজিত মানববন্ধনের খবর সংগ্রহ শেষে সাংবাদিকরা প্রাইভেটকারে করে বাড়ি ফিরছিলেন। দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে কহিলাতলী এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাদের গাড়ির গতিরোধ করে।
পূর্ব শত্রুতার জেরে সুদক্ষিরা এলাকার শহিদুল ইসলাম, মীর কাশেম, জাহানারা বেগমসহ আরও ৫-৬ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘিরে ফেলে বলে অভিযোগ রয়েছে। প্রথমে গালিগালাজ করা হয়, পরে তাদের ওপর হামলা চালানো হয়।
এ সময় লোহার রড দিয়ে সানোয়ার হোসেনকে আঘাত করা হলে তার ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তাকে মাটিতে ফেলে মারধর করা হয় এবং তার পকেটে থাকা ১২ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার আগে তারা দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয় বলে জানা গেছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় সানোয়ার হোসেন মঙ্গলবার রাতে সিংগাইর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত সাংবাদিক সানোয়ার হোসেন বলেন, ‘দায়িত্ব পালন শেষে ফেরার পথে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
অপর সাংবাদিক আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা কেবল সংবাদ সংগ্রহ করেছি। কোনো অপরাধ করিনি। অথচ আমাদের ওপর হামলা করা হয়েছে। আমরা নিরাপত্তা চাই এবং দোষীদের দ্রুত শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি যাচাই করে বুধবার সকালে একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.