
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, একজন পুলিশ সদস্যের প্রধান দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবিচলভাবে কাজ করা। পুলিশ বাহিনীর সকলকে এ দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।
বুধবার (৮ এপ্রিল) রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের (এসআই) মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আইজিপি বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম ও জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সচেতনতা অপরিহার্য। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সব সময় নিজেদের আধুনিক ও আপডেট রাখা প্রয়োজন।
তিনি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, তারা আজ একটি চাকরিতে যোগ দিচ্ছেন না, বরং একটি মহান সেবামূলক পেশায় আত্মনিয়োগ করছেন। এই পেশার মূলমন্ত্র হলো ‘সেবাই ধর্ম’। মানুষের পাশে দাঁড়ানো, বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠার মূল্যবোধ ধারণ করে দায়িত্ব পালন করতে হবে। নতুন কর্মকর্তারা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন এবং বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখবেন।
কুচকাওয়াজে অংশগ্রহণকারী শিক্ষানবিশদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন আইজিপি। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এবারের কুচকাওয়াজে ২০৯ জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর অংশ নেন, যাদের মধ্যে পাঁচজন নারী সদস্য রয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ জিএম আজিজুর রহমানসহ জনপ্রতিনিধি এবং সামরিক ও বেসামরিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.