
চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছপালা উপড়ে পড়া, ফসলের ক্ষতি ও যান চলাচলে বিঘ্নসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হলে জেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝড়ের তীব্রতায় সড়কের পাশে থাকা বহু গাছ উপড়ে পড়ে এবং বিভিন্ন স্থানে যান চলাচল ব্যাহত হয়।
ঝড়ের সময় শহরতলীর দৌলাতদিয়াড় গ্রামের বাসিন্দা মকলেছুর রহমান (৬৫) ছাদ থেকে টিন নামাতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝড়ের কবলে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নূরনগর মোড়, ডিঙ্গেদহ ও বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় একাধিক গাছ উপড়ে পড়ে। একইভাবে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের ফকিরপাড়া ও কোষাঘাটা এলাকায় গাছ ভেঙে সড়কের ওপর পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় রাতেই গাছ অপসারণ করে সড়ক সচল করেন।
চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জ আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, রাত ৭টা ৫৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিট পর্যন্ত জেলায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়।
তিনি আরও জানান, এপ্রিলের শুরু থেকেই জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। গত কয়েকদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রাও চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়, যা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তবে মঙ্গলবার রাতের ঝড় ও বৃষ্টির পর কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.