
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী কলেজ গেট এলাকায় ট্রাকের ধাক্কায় সোহাগ মিয়া (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ মিয়া নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার রামপুর গ্রামের জব্বার আলীর ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ‘লিবার্টি নিটওয়্যার লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ মিয়া তার ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোনাবাড়ী কলেজ গেট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পেছন থেকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে চালক ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.