
হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ১৪ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। ঢাকাগামী কালনী এক্সপ্রেস শ্রীমঙ্গলে গিয়ে আটকা পড়েছে, আর চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস সিলেট স্টেশনেই দাঁড়িয়ে আছে।
রেলওয়ে সূত্র জানায়, বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে একটি সেতুর অদূরে সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনের পাঁচটি অয়েল ট্যাংকার ওয়াগনসহ মোট ছয়টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনার পর দুটি ওয়াগন থেকে তেল বের হতে শুরু করলে স্থানীয়রা তা সংগ্রহ করতে গিয়ে ঘটনাস্থলে ভিড় করেন।
দুর্ঘটনার পর রাত ২টা ১০ মিনিটে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রেলওয়ের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা যৌথভাবে উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত লাইনচ্যুত ছয়টি বগির মধ্যে চারটি উদ্ধার করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার কারণে বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে সিলেট থেকে ছেড়ে যাওয়া কালনী এক্সপ্রেস শ্রীমঙ্গলে আটকা পড়ে। একইভাবে সকাল সাড়ে ১০টায় ছাড়ার কথা থাকলেও চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস সিলেট স্টেশন ত্যাগ করতে পারেনি। এতে যাত্রীরা দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তায় অপেক্ষা করছেন।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হওয়ার পরই রেললাইন মেরামতের কাজ শুরু হবে। সবকিছু ঠিক থাকলে দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।
এ ঘটনায় রেলের বিভাগীয় কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান জানান, লাইনচ্যুত বগি উদ্ধারে আখাউড়া ও ঢাকা থেকে টিম আনা হয়েছে। তবে প্রয়োজনীয় সব সরঞ্জাম না থাকায় একটি ক্রেন দিয়েই উদ্ধারকাজ চালানো হচ্ছে। দুর্ঘটনার কারণে অন্তত তিনটি ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে।
সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.