ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসের এক অফিস সহকারী ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন। নতুন ভোটার আইডি কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে তাকে ঘুষের টাকাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান ভুক্তভোগী এক যুবক।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত অফিস সহকারী (কম্পিউটার) যশময় সাহা ও ভুক্তভোগী মো. ইউসুফের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, ইউসুফ তার ছোট ভাইয়ের নতুন ভোটার আইডি কার্ড করতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্বাচন অফিসে যান। সেখানে দ্রুত কাজ করে দেওয়ার কথা বলে অফিস সহকারী যশময় সাহা তার কাছে ৩ হাজার টাকা দাবি করেন। পরে ইউসুফ প্রথমে ১ হাজার ৫০০ টাকা এবং পরে আরও ৫০০ টাকা দেন।
ইউসুফ জানান, টাকা দেওয়ার পর তিনি জানতে চান এটি সরকারি কোষাগারে জমা দিতে হবে কি না। তখন অফিস সহকারী জানান, এটি কোথাও জমা দিতে হবে না। এরপরই বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে ইউসুফ তাকে ঘুষের টাকাসহ ধরে ইউএনও’র কক্ষে নিয়ে গিয়ে বিচার দাবি করেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত যশময় সাহার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম জানান, তিনি তখন অফিসে ভোটারদের সাক্ষাৎকার নিচ্ছিলেন। বাইরে ধস্তাধস্তির শব্দ পেয়ে বের হয়ে বিষয়টি জানতে পারেন। অভিযুক্ত কর্মচারী তার কাছে দাবি করেন, দ্রুত কাজ করে দেওয়ার কথা বলে তাকে টাকা দিয়ে ভিডিও করা হয়েছে।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.