
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে বিক্রি বন্ধ রেখে অবৈধভাবে জ্বালানি মজুতের অভিযোগে একটি ফিলিং স্টেশন থেকে প্রায় ৩৩ হাজার লিটার তেল জব্দ করেছে জেলা প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) রাতে কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় অবস্থিত মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেন উদ্ধার করে জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, বিপুল পরিমাণ জ্বালানি মজুত থাকা সত্ত্বেও ‘তেল নেই’ দেখিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছিল।
জ্বালানি তেল অবৈধভাবে মজুত এবং সরবরাহে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান ও মাশিকুর রহমান আবরার অংশ নেন।
এ বিষয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার মো. হেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করে কেটে দেন।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, জব্দ করা জ্বালানি তেল সরকারি হেফাজতে নেওয়া হয়েছে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.