
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় গভীর রাতে গোয়াল ঘরের তালা ভেঙে কৃষকের হালের দুইটি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। সোমবার (৩০ মার্চ) ভোররাতে উপজেলার ৫ নম্বর এলাঙ্গী ইউনিয়নের বলাবাড়িয়া খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক মোঃ জাকির হোসেন খান (৫৫) জানান, রোববার রাতে প্রতিদিনের মতো তিনি তার হালচাষের গরু দুটি গোয়াল ঘরে তালাবদ্ধ করে ঘুমাতে যান। ধারণা করা হচ্ছে, রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে কোনো একসময় অজ্ঞাত চোরেরা তালা ভেঙে গোয়াল ঘরে প্রবেশ করে। পরে সুকৌশলে গরু দুটি নিয়ে পালিয়ে যায়।
সকালে গোয়ালে গরু না দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষক ও তার পরিবারের সদস্যরা। চুরি হওয়া গরু দুটি হালচাষের প্রধান অবলম্বন ছিল বলে জানান তিনি। ভুক্তভোগী পরিবারের দাবি, গরু দুইটির বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।
হালের গরু হারিয়ে কৃষক জাকির হোসেন এখন দিশেহারা হয়ে পড়েছেন। এ ঘটনায় বলাবাড়িয়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় চোরচক্রের তৎপরতা বেড়ে যাওয়ায় তারা গবাদিপশুর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন।
এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.