
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুন্দরগঞ্জ পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জেলা কাজী সমিতির সভাপতি এবং কে.এস আখলাকুল আদব মডেল মাদ্রাসার পরিচালক কাজী এম. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি একটি আধুনিক, নিরাপদ ও যানজটমুক্ত সুন্দরগঞ্জ পৌরসভা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এবং আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে কাজ করার অনুপ্রেরণা দেয়। ঈদ আমাদের একতার প্রতীক, আনন্দের প্রতীক। আসুন, আমরা সবাই মিলে একটি উন্নত, সুন্দর ও আধুনিক পৌরসভা গড়ে তুলি। এই ঈদে সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা।’
তিনি আরও বলেন, ঈদ শুধু উৎসব নয়—এটি সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার এক মহৎ শিক্ষা। সমাজের সকল স্তরের মানুষের মাঝে এই আনন্দ সমানভাবে ছড়িয়ে দিতে পারলেই প্রকৃত অর্থে ঈদের তাৎপর্য বাস্তবায়িত হয়।
কাজী এম. সাখাওয়াত হোসেন সুন্দরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের (বামনজল) বাসিন্দা এবং মৃত মকবুল হোসেন মুন্সির সন্তান। পেশাগতভাবে তিনি একজন নিকাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তিনি স্থানীয়ভাবে আস্থা ও সুনাম অর্জন করেছেন।
পৌর উন্নয়ন নিয়ে তিনি বলেন, ২০০৩ সালে প্রতিষ্ঠার পরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সুন্দরগঞ্জ পৌরসভায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। পরিকল্পিত অবকাঠামো, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও টেকসই সড়ক উন্নয়ন এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি। ফলে পৌরবাসী প্রতিনিয়ত জলাবদ্ধতা, ভাঙাচোরা রাস্তা, ময়লা ব্যবস্থাপনার সংকট ও পর্যাপ্ত স্ট্রিট লাইটের অভাবসহ নানা সমস্যায় ভুগছেন।
তিনি বলেন, ‘আমি কেবল প্রতিশ্রুতি দিতে চাই না—বাস্তবমুখী পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে পরিবর্তন আনতে চাই। নাগরিকদের কষ্ট আমার কাছে অনুভবের বিষয়। আমি চাই, পৌরসভার সেবা মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছে যাক এবং প্রতিটি কাজে স্বচ্ছতা নিশ্চিত হোক।’
নির্বাচিত হলে তিনি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক সংস্কার ও যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং তরুণ ও নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাকে অগ্রাধিকার দেবেন বলে জানান।
শিক্ষাক্ষেত্রেও তার রয়েছে উল্লেখযোগ্য অবদান। তিনি ভুরারঘাট এম ইউ বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে আজেপাড়া দাখিল মাদ্রাসায় সুপার ছিলেন। শিক্ষা বিস্তারের লক্ষ্যে তিনি ক্যাডেট পদ্ধতিতে ‘কে এস আখলাকুল আদব মডেল মাদ্রাসা’ প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে। এছাড়া তিনি জেলা কাজী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন।
শিক্ষা ও সমাজসেবায় অবদানের জন্য তিনি একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। শিক্ষাগত যোগ্যতায় তিনি কামিলসহ বি এ ও এম এ ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিজীবনে তিনি দুই ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।
পরিশেষে তিনি সুন্দরগঞ্জ পৌরবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঈদ মোবারক।’
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.