
বাগেরহাটের রামপাল উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোংলা পোর্ট পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি আব্দুল রাজ্জাকের পরিবারের ১১ জন সহ মোট ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (বিকাল আনুমানিক ৪ টার দিকে) উপজেলার বাবুর বাড়ি নামক স্থানে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোংলা থেকে ছেড়ে আসা বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে গাড়ির চালক ছাড়া বাকিরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তারা খুলনা জেলার কয়রা উপজেলা থেকে নববধূকে নিয়ে মোংলার উদ্দেশ্যে ফিরছিলেন। কিন্তু পথেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাটাখালী হাইওয়ে থানার ওসি মোঃ জাফর আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি নিজে ডিউটি টিমসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে নিহত ও আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় জড়িত বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করে কাটাখালী হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে নিহতদের স্বজনরা সড়ক দুর্ঘটনা আইনে মামলা করবেন বলে জানিয়েছেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.