
মেয়াদোত্তীর্ণ খাদ্য উপকরণ ব্যবহার করে খাবার প্রস্তুতের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদারপাড়া এলাকায় অবস্থিত সুইট গ্রিন নামক একটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধায়নে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া বিশেষ টাস্কফোর্সের তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম শাহীন সহযোগিতা করেন। এছাড়া ০৫ আনসার ব্যাটালিয়নের একটি দল অভিযানে নিরাপত্তা নিশ্চিত করে।
অভিযানকালে দেখা যায়, রেস্টুরেন্টটিতে ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে মেয়াদ শেষ হওয়া বন ব্যবহার করে স্যান্ডউইচ প্রস্তুত করা হচ্ছিল। বিষয়টি প্রমাণিত হলে রেস্টুরেন্টের পরিচালক নিজের অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে বিশ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।
এবিষয় সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জনকন্ঠকে বলেন, খাদ্য উৎপাদনের উপকরণ মেয়াদহীন হওয়ায় সুইট গ্রিন নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থ রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.